প্রয়াত সৈয়দ তাওহীদ হোসেন রেজা ভাইয়ের কথা মাঝে মাঝেই মনে হয়। খুব মজার মানুষ ছিলেন। তিনি নিয়মিত কবিতা লিখতেন বলে শুনেছি। জানি না তাঁর কোন কবিতার ডায়েরি কিংবা খাতা তাঁর পরিবার কিংবা নিয়াযুল ইসলামের কাছে আছে কিনা। খুঁজে পেলে হয়ত তাঁর লেখার একটা ছোট সংকলন বের করা যেত। গেল ঈদে গ্রামের বাড়িতে পুরোনো ফাইল পত্রের মাঝে ( উৎসুক, একুশের সংকলন ২০০৪) এক পাতার একটা কবিতার সংকলন খুঁজে পাই। তাতে রেজা ভাই সহ অনেকের কবিতা ছিল। ওখান থেকে রেজা ভাইয়ের একটি কবিতা তুলে দিলাম। পরে সময় পেলে আরো দেব।
চরিত্র
সৈয়দ তাওহীদ হোসেন রেজা
আমরা হালায় মানুষ খারাপ, চরিত্র ভাই শক্ত
বাংলা লইয়া প্যাচাল পারি ইংরেজীটার ভক্ত।
“গুডমর্নিং” শুরু করি “গুডনাইট” কই শ্যাষ-
বাইরে হালায় চিল্লানি দেই সোনার বাংলাদ্যাশ।
চেয়ার কমু, টেবিল কমু, মাছের বেলায় ফিশ
বড় জায়গায় গেলে পরে বাংলা কমু ? ইশ!
আব্বা গোরে ড্যাডি ডাকি আম্মা গোরে মাম
মাইনকা চিপায় পড়লে পরে বাংলা শিগাইবাম।
একুশ আইলে কাইন্দা মরি! শহীদ মিনার যাই-
তর তাজা ঐ পরান গুলান এমনিই গেল ভাই?
এই সময়ে সভা করি মিছিলেরই আগে
দিনডা গেলে আবার মনে বিদেশ প্রীতি জাগে।
আমরা হালায় বহুত খারাপ সবাই স্বার্থ নিজ
বাংলা মা তুই জন্ম দিছস আজব কিছু চিজ!
সময় হল শেষ কথা কই গুড বাই, গুডবাই-
যাব্বে হালায় ভুল করলাম! ফরগিভ মি ভাই।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন